তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১১:২২ পিএম

সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৯ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সফরে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এছাড়া রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।



বিষয়:



Top