রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার সকালে তিনি সফরে রওনা হন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এ প্রকল্পকে ঘিরে সহযোগিতার অগ্রগতি, প্রযুক্তিগত বিষয় এবং আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের পর সৃষ্ট বিভিন্ন নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। পরে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করেন।
এনএফ৭১/একে
বিষয়:
