শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৫:২৬ এএম

সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামীকাল রোববার বিকালের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ছাড় দেবে না। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার তিন স্তরের আধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য আলাদা ডিজাইনের অ্যাম্বুলেন্স তৈরি করা হবে।

তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত এসব অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টসহ জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় সব আধুনিক সুবিধা থাকবে। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও ডিজাইন সহায়তা দেবে বুয়েট।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও প্রস্তুতি রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।



বিষয়:



Top