ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০২:৩৫ এএম
রাজধানী ঢাকার বায়ু, পানি ও পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুন ২০২৬) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী বাস্তবে কতটা উপকৃত হচ্ছে, তা নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় আমি আর ঢাকায় থাকব না। দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করব। কারণ এই শহর আর বাসযোগ্য মনে হয় না।”
তিনি অভিযোগ করে বলেন, ঘর থেকে বের হলেই দূষিত বাতাসে শ্বাস নিতে হয়, আর সরকারি হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের অবস্থাও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পরিকল্পনা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নগর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও জনগণকেন্দ্রিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
সবশেষে তিনি বলেন, বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিক সচেতনতার পাশাপাশি নীতিনির্ধারকদেরও জবাবদিহির আওতায় আনা জরুরি।
বিষয়:
