দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:৪৫ এএম

ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, দেশের মানুষের জন্য সহজলভ্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তিতে আধুনিক অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে বেছে নিয়ে প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে। এই উদ্যোগ সফল হলে দেশের অ্যাম্বুলেন্স চাহিদার বড় অংশ স্থানীয়ভাবেই পূরণ করা সম্ভব হবে এবং বিদেশ থেকে আমদানির প্রয়োজনীয়তা কমে আসবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী—এই তিন স্তরে রোগী পরিবহনের জন্য পৃথক ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে তুলনামূলক কম খরচে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

বিশেষজ্ঞরা সভায় জানান, স্থানীয়ভাবে তৈরি অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সুবিধা এবং জরুরি চিকিৎসাসেবার নানা উপকরণ সংযোজন করা হবে। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় রেখে এসব যানবাহনের নকশা প্রস্তুত করা হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা সচিব কামরুজ্জামান চৌধুরী এবং বিভিন্ন বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top