ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তার ঘোষণা আদ্-দ্বীন হাসপাতালের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:১০ এএম

সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শনিবার (৬ জুন ২০২৬) রাজধানীর হলিডে ইন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে তা আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল ভুক্তভোগী পরিবারের জন্য আজীবন সহায়তা নিশ্চিত করবে। প্রয়োজনে পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ দেওয়া হবে এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য ভবিষ্যতে হাসপাতালের সব চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

শিশির মনির বলেন, তিনি মানবিক কারণে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে নিহত নবজাতকদের একজনের বাবা হাবিবুর রহমান বলেন, তারা চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক, বরং সেবার মান উন্নত করে কার্যক্রম চালু থাকুক।

তিনি আরও জানান, আগেও একই হাসপাতালে তাদের সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেবায় সন্তুষ্ট থাকায় এবারও তারা এখানে আসেন।



বিষয়:



Top