এবার ডেঙ্গুতে রক্তক্ষরণের শঙ্কা, মাঠে নামছে মোবাইল কোর্ট: স্বাস্থ্যমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:৫১ পিএম
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকিও থাকতে পারে। তাই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণের আগেই সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বরের পাশাপাশি শরীরে রক্তক্ষরণের মতো জটিলতাও দেখা দিতে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বিষয়:
