নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির, সভাপতি মোরশেদুল আলম ও সম্পাদক জাকির হোসেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:১৭ পিএম
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের শীর্ষ পেশাজীবী সংগঠন নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ মে অনলাইনে অনুষ্ঠিত সাধারণ সভায় দেশব্যাপী কর্মরত দুই শতাধিক সদস্য প্রকৌশলীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বগুড়া)-এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বগুড়া)-এর সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
সভার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সাবেক সভাপতি প্রকৌশলী ড. দেওয়ান মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি রংপুর জেলা কমিটির সভাপতি এম এ ওয়ালী।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, নেসকোতে দীর্ঘদিন ধরে সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি কার্যক্রম স্থবির রয়েছে। একই সঙ্গে শতাধিক শূন্য পদ থাকায় মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলীদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত পদোন্নতি ও নতুন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।
এছাড়া সরকার ঘোষিত ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাস্তবায়ন, যুগোপযোগী পে-স্কেল নির্ধারণ এবং পাওয়ার সেক্টরে বৈষম্যহীন ‘ইউনিফায়েড সার্ভিস রুল’ প্রণয়নের দাবিও জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ নেসকোর সকল স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি গ্রাহকদের নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
বিষয়:
