ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপ হিসেবে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকদের আশঙ্কার কথা তুলে ধরে তিনি জানান, এবার ডেঙ্গুর ধরন হেমোরেজিক রূপ নিতে পারে, যেখানে রোগীর শরীরে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। তাই আগেভাগেই সতর্কতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, তাদের জরিপ অনুযায়ী সংস্থাটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনের সমান অংশগ্রহণ প্রয়োজন।

প্রশাসকের মতে, নাগরিকদের ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।



বিষয়:



Top