পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০২:৩৭ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের আরও বিনিয়োগ ও সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি নিরাপত্তা সংলাপ, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।

এ সময় দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ও আলোচনায় আসে।

যৌথ সংবাদ সম্মেলন শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরেই তিনি হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top