১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০১:৫৫ এএম
আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাফওয়ানুল করিম।
জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় বক্তব্য দেবেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।
এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
পরে চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এনএফ৭১/একে
বিষয়:
