আগেই যাত্রী নামিয়ে নেওয়ায় পদ্মায় বাস ডুবলেও প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০১:১২ এএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার বিধান কার্যকর থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

জানা গেছে, সকাল ৯টা ২৫ মিনিটে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাসটি ৭ নম্বর ফেরিঘাটে ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র‌্যাম্প ভেঙে নদীতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, উপকূলরক্ষী বাহিনী এবং নৌপরিবহন কর্তৃপক্ষের ডুবুরি দল। দীর্ঘ চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি নদী থেকে তুলে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একই ধরনের দুর্ঘটনায় একটি বাস নদীতে ডুবে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ার বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়।

সেই নির্দেশনা অনুসরণ করেই এবার বাসটির যাত্রীরা আগেই নেমে ফেরির দিকে হেঁটে যাচ্ছিলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির মতো মর্মান্তিক পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে কোনো নিখোঁজ ব্যক্তির স্বজনদের ভিড় বা আহাজারিও দেখা যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:



Top