আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। বিশ্বের দেড় শতাধিক দেশে দিবসটি পালিত হয়। পরিবেশ বিষয়ে জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক সচেতনতামূলক আয়োজন হিসেবেও এটি স্বীকৃত।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, নদীভাঙন, বন্যা, খরা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে গভীর প্রভাব ফেলছে। এর সঙ্গে প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, জলবায়ু ও পরিবেশ সংকট মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি ও বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তিনি একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর পদক্ষেপ এবং ব্যাপক জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশবিষয়ক সম্মেলনে পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগের ভিত্তি স্থাপিত হয়। এর ধারাবাহিকতায় ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৭৩ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top