গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২০৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ১০:১৫ পিএম

সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিত হামে এবং তিনজন শিশু হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২০৫ শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৯ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ১৪২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



বিষয়:



Top