আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

সংগৃহীত
 

প্রান্তিক গ্রাহকদের স্বস্তি দিতে আবাসিক পর্যায়ে শূন্য থেকে ৫০ ইউনিট এবং শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য নির্ধারিত বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

এর আগে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকরের পর প্রান্তিক গ্রাহকদের সম্ভাব্য ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিইআরসির কাছে আবেদন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বৃহস্পতিবারই এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেয় সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পিডিবির আবেদন কমিশনের বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রস্তাবটি গ্রাহকবান্ধব এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে। তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না।”

পরবর্তীতে কমিশন দ্রুত সিদ্ধান্ত নিয়ে আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তে নিম্ন ও মধ্যম আয়ের বিপুলসংখ্যক গ্রাহক সরাসরি উপকৃত হবেন।



বিষয়:



Top