বগুড়া শহর থেকে সরছে রেললাইন ও স্টেশন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
যানজট নিরসন ও আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে বগুড়া শহরের ভেতর থাকা রেললাইন ও স্টেশন সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শহরের কেন্দ্র দিয়ে যাওয়া বিদ্যমান রেলপথ অপসারণ করে নতুন রুটে রেল যোগাযোগ চালু করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথের রাণীরহাট জংশনকে নতুন বগুড়া স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে রাণীরহাট থেকে গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনায় বলা হয়েছে, শহরের ভেতর দিয়ে যাওয়া কাহালু–বগুড়া–গাবতলী রেলপথটি তুলে সেখানে চার লেনের আধুনিক সড়ক নির্মাণ করা হবে। বর্তমানে থাকা রেলস্টেশনটি সংস্কার করে সেটিকে দূরপাল্লার বাস টার্মিনালে রূপান্তরের চিন্তাও রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শহরের ব্যস্ত এলাকায় থাকা অন্তত সাতটি রেলক্রসিংয়ের কারণে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের ভোগান্তি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই রেললাইন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বুয়েটের বিশেষজ্ঞদের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মতে, শহরের ভেতরে ফ্লাইওভার নির্মাণ করলে সমস্যা আরও বাড়তে পারে, তাই রেলপথ শহরের বাইরে সরানোই সবচেয়ে কার্যকর সমাধান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন রেলস্টেশন রাণীরহাট এলাকায় গড়ে উঠলে অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া শহর রেলক্রসিংজনিত যানজট থেকে মুক্তি পাবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় একটি বড় রূপান্তর ঘটবে।
শহরের ভেতরের রেলপথ সরিয়ে বাইপাস রুটে নতুন স্টেশন নির্মাণের মাধ্যমে বগুড়াকে যানজটমুক্ত ও আধুনিক নগরীতে রূপান্তরের পরিকল্পনা এগোচ্ছে।
বিষয়:
