একই নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সব ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার ঢাকার আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সরকার এমন একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে সব শিক্ষার্থী সমানভাবে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হবে।

তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলই না করে, বরং বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, উদ্ভাবনী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলিও অর্জন করতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি সংস্করণ কিংবা ইংরেজি মাধ্যম—যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবাই যেন জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম হওয়ার সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ এবং সৃজনশীল উপস্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও নেতৃত্ব বিকাশ কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষাচর্চা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে আগা খান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top