ধমকায়ে-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমক, পিটুনি ও নির্যাতনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

বুধবার (৩ জুন) বিকেলে ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধমকায়ে, পিটিয়ে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তাহলে তো হাসিনাই টিকে থাকতো। কিন্তু তিনি পারেননি, দেশ ছেড়ে পালিয়ে গেছেন।”

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই রাতে ঘুমাতে পারেননি, পালিয়ে বেড়িয়েছেন, ধানক্ষেত কিংবা গাছের ওপর লুকিয়ে থেকেছেন। কারাগারেও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট লুটেরারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাট ও পাচার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল করে দেওয়া হয়েছে।”

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে সর্বশেষ নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং বিএনপির প্রতি আস্থা রেখে দলকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী করেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করতে হবে। আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা একটি সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সব রাজনৈতিক দল যেন স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে, মতামত প্রকাশ করতে পারে এবং জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।”



বিষয়:



Top