বিদ্যুতের দাম আবারও বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিটে বাড়ল ১ টাকা ৫২ পয়সা
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
পাইকারি ও গ্রাহক—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যহার গত ১ জুন থেকে কার্যকর হয়েছে।
ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি করে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।
এর আগে গত ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায়।
প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।
তবে বিইআরসির কারিগরি কমিটি বিতরণ কোম্পানিগুলোর জন্য গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা মূল্য বৃদ্ধির সুপারিশ করে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।
বিষয়:
