হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৬০০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:০২ পিএম
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু। একই সময়ে পরীক্ষার মাধ্যমে হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।
একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।
বিষয়:
