মায়ের প্রতি অবহেলায় যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্তানদের অবহেলার অভিযোগ সামনে আসার পর প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই নারীর এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষকতা করেন।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর যুগ্ম সচিব পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, পিতা–মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।

এর আগে মিরপুরের সেকশন ৬ এলাকায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অবহেলা ও অযত্নে ছিলেন। উদ্ধারকালে মরদেহে পচন ও পোকামাকড়ের অস্তিত্ব পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্ল্যাটের ভেতরের অস্বাস্থ্যকর পরিস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের পিতা–মাতার ভরণপোষণ আইনে সন্তানের জন্য পিতা–মাতার যত্ন ও ভরণপোষণ বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্য করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের বিধান রয়েছে।



বিষয়:



Top