জাপানি বিনিয়োগ বাড়াতে মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
সরকার প্রতিনিধিদলকে আরও জানায়, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারি সেবাগুলোকে ‘একক সেবা’ (ওয়ান-স্টপ সার্ভিস) ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সহসভাপতি মাকাতো সাতো। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিষয়:
