জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে এ পদে বিজয়ী হন।

নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন লাভ করেন। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি দেশের ভোট।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৮১তম অধিবেশনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফোরামের নেতৃত্ব দেবেন ড. খলিলুর রহমান। নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশের ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিজয়কে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top