২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেই আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অংশীজনরা প্রয়োজন মনে করলে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।

তিনি বলেন, পরীক্ষার তারিখ নির্ধারণের আগে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছিল। এখন নতুন করে আলোচনা প্রয়োজন হলে আবারও সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, শিক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত অংশীজনদের মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে জনমত পর্যালোচনার জন্য আবারও আলোচনা হতে পারে। রমজানের কারণে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনা হয়েছিল।

শিক্ষামন্ত্রী জানান, তাদের পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা শেষ করার। কিন্তু রমজানের কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে এখন অনেকেই রমজানের পর পরীক্ষা শেষ করার পক্ষে মত দিচ্ছেন। এ বিষয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও সিলেবাস সম্পন্ন হওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিলেবাস শেষ না করে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।

এনএফ৭১/একে



বিষয়:



Top