প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ১১:২৬ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন তার কুয়ালালামপুর সফরের প্রস্তুতি চলছে। এর পর চলতি মাসের শেষ দিকে সরকারি সফরে চীন যাওয়ার পরিকল্পনাও রয়েছে, যদিও সেই সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়া ও চীন সফরকে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই এই সফরগুলোর অন্যতম লক্ষ্য।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। এতে একদিকে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বার্তাও দেওয়া সম্ভব হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কূটনীতিক বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে নির্বাচন করা সরকারের বিচক্ষণতার পরিচায়ক এবং এটি দেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারও তুলে ধরে।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও অভিবাসনভিত্তিক কূটনীতির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র। দেশটিতে প্রায় ৮ থেকে ১০ লাখ বৈধ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। পাম তেলের বাগান, নির্মাণ খাত, বৈদ্যুতিক পণ্য উৎপাদন এবং রবারজাত পণ্য তৈরির শিল্পে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ও শ্রমবাজার-সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার প্রচেষ্টাকে নতুন গতি দেবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top