মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, সন্ধ্যার পর ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৮:৫১ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিদেশ সফরের জন্য পাঠানো সারসংক্ষেপ অনুমোদন দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়।
সরকারি সূত্রে জানা গেছে, একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য সফরের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মশা নিধন শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর সমাধান ও নতুন ধারণা পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। সন্ধ্যার পর দেশের যেকোনো ডোবা বা জলাবদ্ধ এলাকার পাশে কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণের নানা কার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চট্টগ্রামসহ দেশের একাধিক সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। পরে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে পূর্ববর্তী নির্বাচনের ফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। একই বছরের নভেম্বরে তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
এনএফ৭১/একে
বিষয়:
