প্রতিমন্ত্রী নুরুল হক: ‘৫২ থেকে ’২৪—সব আন্দোলনেই ছাত্ররা গুলি খেয়ে পরিবর্তন এনেছে’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, দেশের ইতিহাসে বড় বড় পরিবর্তনের পেছনে ছাত্রদের ত্যাগ রয়েছে।

তিনি বলেন, “’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান—সবখানেই পরিবর্তন আনতে গিয়ে ছাত্ররা গুলি খেয়েছে, জীবন দিয়েছে।”

রোববার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোটা ব্যবস্থাকে তিনি অতীতে অন্যায্য মনে করতেন এবং মেধাবীদের সুযোগ না পাওয়ার বিষয়টি দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। তার মতে, বৈষম্য ও অব্যবস্থাপনার কারণে মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, যা “ব্রেইন ড্রেন” তৈরি করছে।

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশে মানুষ এখন তুলনামূলকভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে।

শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে না পারলে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।” তিনি শিক্ষকদের ভূমিকা বাবা-মায়ের সমান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ওপর অযথা চাপ না দিয়ে তাদের আগ্রহ ও প্রতিভা অনুযায়ী এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, ওসি মো. ইমতিয়াজ আহমেদসহ অন্যান্যরা।



বিষয়:



Top