ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সাময়িক বরখাস্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া বর্তমানে অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে।

 
 


বিষয়:



Top