হঠাৎ বুকে ব্যাথা নিয়ে আইসিইউতে রামিসার বাবা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান জানান, বর্তমানে আব্দুল হান্নান মোল্লা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হৃদ্যন্ত্রে আকস্মিক রক্তসঞ্চালন বন্ধ হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলেও তিনি জানান।
এদিকে রামিসার বাবার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বহুল আলোচিত এ মামলার বিচারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
