পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি আরও বাড়ানোর স্বার্থে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় স্থান পান তিনি। বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রাজনীতিতে যোগদানের আগে ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে অবসর নেন দীপেন দেওয়ান। পরে বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। ২০১০ সালে তিনি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা।

এনএফ৭১/একে



বিষয়:



Top