ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:২৪ পিএম

সংগৃহীত

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে ঘটনাস্থলে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর সদস্যরা। তারা ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করে। পরে একপর্যায়ে আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করা হয় এবং ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান এস আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার পর আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য সরে গেলেও পরে আবারও ব্যাংক এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top