ঈদ ছুটিতে হামের প্রকোপে ৫৭ শিশু মারা গেছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১১:৫৬ এএম
ঈদুল আজহার ছুটির সময় দেশে হামের উপসর্গে ৫৭ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭ হাজার ১২৭ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামের পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, আক্রান্ত শিশুদের সঙ্গে ঈদের সময় প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে হাসপাতালে অবস্থান করে চিকিৎসা সেবা নিতে হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৪ জন চিকিৎসা নিয়েছে, ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে নিয়মিতভাবে পরিস্থিতির তথ্য প্রকাশ করছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭০ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।
১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হামের জটিলতায় মোট ৫৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে। গড়ে প্রতি সপ্তাহে ৪৯ জনের বেশি শিশু মারা যাচ্ছে বলে তথ্য বিশ্লেষণে উঠে এসেছে।
সর্বশেষ ১২তম সপ্তাহে (২৫–৩১ মে) এক সপ্তাহেই মারা গেছে ৫৭ জন শিশু এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ১২৭ জন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম বলেন, বর্তমানে হামের সবচেয়ে বড় জটিলতা হচ্ছে নিউমোনিয়া, যা অনেক ক্ষেত্রে ভয়াবহ রূপ নিচ্ছে এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, “হামের জ্বর বা র্যাশ সেরে যাওয়ার পর অনেকেই মনে করেন শিশু সুস্থ হয়ে গেছে। কিন্তু পরবর্তী চার থেকে ছয় সপ্তাহ রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল থাকে, এ সময়েই জটিলতা বাড়ে।”
বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
