জিয়াউর রহমান ও বাংলাদেশকে আলাদা করা যায় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১১:০০ এএম

সংগৃহীত

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধের পথ ধরেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে স্থান করে নেয়।

রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, সংকটময় সময়ে মেজর জিয়া যেভাবে জাতিকে জাগিয়ে তুলেছিলেন, ১৯৭৫ সালের পর রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিয়ে তিনি আবারও দেশকে ঐক্যবদ্ধ করেন। তার মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য নাম।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণার মাধ্যমে শহীদ জিয়া জাতিকে নতুন পরিচয় দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কারের আলোচনা হলেও বাস্তবে বিএনপিই অতীতে গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা করেছে। তার ভাষায়, সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগও শহীদ জিয়ার সময়েই শুরু হয়।

কৃষি ও অর্থনীতিতে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, খাল খনন কর্মসূচি, উচ্চ ফলনশীল ধান প্রবর্তন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ খাদ্য ঘাটতি থেকে উদ্বৃত্তের দিকে অগ্রসর হয়।

তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির মতো খাতের সূচনাও শহীদ জিয়ার হাত ধরেই হয়েছিল, যা পরবর্তীতে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়ার সততা ও রাষ্ট্রনায়কোচিত গুণাবলি তার রাজনৈতিক প্রতিপক্ষরাও স্বীকার করতেন। তার মতে, তার শাহাদাতের পর লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজাই প্রমাণ করে তিনি জনগণের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top