রোহিঙ্গাদের জন্য ফিনল্যান্ডের ২০ লাখ ইউরো সহায়তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৪৮ এএম

সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০ লাখ ইউরো সহায়তা প্রদান করছে ফিনল্যান্ড সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, নতুন এই অর্থ মূলত রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে। দীর্ঘদিন ধরে অর্থায়নের ঘাটতির কারণে এসব খাতে প্রয়োজনীয় কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হচ্ছিল।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে, যারা মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। জীবিকা অর্জনের সুযোগ সীমিত হওয়ায় তাদের অধিকাংশই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ রোহিঙ্গা পরিবার কর্মের বিনিময়ে অর্থপ্রাপ্তির সুযোগ পেয়েছে। ৪২ শতাংশ পরিবারের আয় এসেছে অনিয়মিত ও অনিশ্চিত উৎস থেকে, আর ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ই ছিল না।

তহবিল সংকটের কারণে নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং সম্প্রতি আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের শুরু থেকে আসা প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গার অনেকেই এখনো পর্যাপ্ত আশ্রয় সুবিধা পাননি।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। অর্থায়ন কমে যাওয়া, শিবিরের অবনতিশীল পরিবেশ, নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং মিয়ানমারের চলমান অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন বাস্তবতায় ফিনল্যান্ডের এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারি আহমেদ বলেন, ফিনল্যান্ড শুধু জরুরি মানবিক সহায়তাই নয়, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রেও বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী মিলিয়ে ১৫ লাখ ৬০ হাজার মানুষের সহায়তায় জাতিসংঘের ২০২৬ সালের মানবিক পরিকল্পনায় ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলার প্রয়োজন। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় অর্থের প্রায় ৬০ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top