জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৪২ এএম

সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্র পরিচালনার দর্শন অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জিয়াউর রহমান যেভাবে দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের পরিকল্পনা করেছিলেন, বিএনপি সেই পথনির্দেশনা অনুসরণ করেই কাজ করে যেতে চায়।

রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের আদর্শকে শুধু স্মরণ করলেই হবে না, তা অনুধাবন করে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের সামনে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে এবং বর্তমান সরকার একটি কঠিন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দল হিসেবে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। সরকার গঠনের পর জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খাল খনন, শিক্ষার উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বিএনপির ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের প্রতিটি খাতের উন্নয়নে যে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বর্তমান সরকারও সেই দিকনির্দেশনা অনুসরণ করছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের সাফল্য শুধু কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল নয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও জনগণের আস্থা অর্জন এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের কাছে একটি সফল সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এসব মূল্যবোধভিত্তিক সমাজ গঠন দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top