জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৪৮ পিএম
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রকে আর আশ্রয় নিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ মে) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দুর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল। জঙ্গল সলিমপুর তারই একটি বাস্তব উদাহরণ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড নজরে আসে। ব্যবসায়ীদের বাড়িতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা ও চাঁদাবাজির ঘটনায় সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
তিনি জানান, গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযান পুরোপুরি সফল হয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কীভাবে দেখাল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদেরও চিহ্নিত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জনগণের সরকার। জনগণকে নিরাপত্তা ও স্বস্তি দেওয়া আমাদের দায়িত্ব। বিভিন্ন কারণে যারা এখানে বসতি গড়ে তুলেছেন, তাদের কাউকে আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য সরকার টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করবে।”
তিনি উচ্ছেদসংক্রান্ত গুজবে কান না দিয়ে স্থানীয়দের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।
অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ড্রোন চিত্র ও সড়ক মানচিত্র বিশ্লেষণ করে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সেনানিবাস স্থাপনের সুযোগ-সুবিধা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বায়েজিদ লিংক এলাকার খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকা থেকেও সন্ত্রাসীদের স্থায়ীভাবে নির্মূল করা হবে বলে জানান তিনি।
শেষে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এনএফ৭১/ওতু
বিষয়:
