দেশের নিরাপত্তা বিএনপির হাতেই নিরাপদ: শামা ওবায়েদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৫৫ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষের স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ একমাত্র বিএনপি সরকারের হাতেই নিরাপদ। অন্য কোনো দলের হাতে দেশ নিরাপদ নয় বলে তিনি মন্তব্য করেন।
শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের সরকার হিসেবে কাজ করে এবং দেশের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, যারা জিয়া পরিবারের বিরোধী এবং ১৯৭১ সাল থেকে বাংলাদেশে একটি শক্তিশালী ও সার্বভৌম সরকার প্রতিষ্ঠার বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা এখনো নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র যেকোনো মূল্যে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশে জুলুম, নির্যাতন ও দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছিল, যা পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। তবে সেই শক্তির দোসররা এখনো সক্রিয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তিরাও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে গণতন্ত্রে বিশ্বাসী শক্তি এসব মোকাবিলা করবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করার ভিত্তি গড়ে দিয়েছিলেন এবং কৃষি, শ্রম ও রেমিট্যান্স খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ও বর্তমানে তারেক রহমান সেই রাজনৈতিক ধারাকে এগিয়ে নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
