‘আসিফ মাহমুদ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন':জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৪৯ এএম

সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও ১০ কোটি টাকা নিয়েছেন।

শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোস্তাক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।

বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, “আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা।”

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী রাজনীতির কথা বলা হলেও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যায়নি বলে তার দাবি।

তবে বক্তব্যে উত্থাপিত এসব অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহর কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুষ্ঠানে মোস্তাক মিয়া দেশের অর্থনীতি ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েও বক্তব্য দেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।

এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top