‘যা বলবো, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১১:৪৮ এএম

সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তিনি প্রথাগত ধারার রাজনৈতিক কর্মী নন। জনগণের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘যা করতে পারবো, ততটুকুই বলবো এবং যা বলবো, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো।’

শনিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে কায়সার কামাল বলেন, ‘আমার ঐতিহ্য, আমার ইতিহাস, আমার ব্যাকবোন হচ্ছেন আমার বাবা। যিনি একজন কৃষক ছিলেন।’ তিনি সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও মূল্যবোধকে নিজের রাজনৈতিক দর্শনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ তুলে ডেপুটি স্পিকার বলেন, একসময় এ এলাকায় কিষাণ কলেজ, পশু হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এছাড়া সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের অনেক সুযোগ-সুবিধা থেকেও এ অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে উন্নত অবকাঠামো, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর দ্রুত সংস্কারের জন্য উপস্থিত সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বক্তব্যে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে কায়সার কামাল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে রাজনৈতিক কিংবা সামাজিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, তাদের সহযোগিতা বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top