আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:৪৪ পিএম

সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে অপরাধ দমন, কিশোর গ্যাং নির্মূল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৯ মে) ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি বগাদানা ইউনিয়নের কাজীর হাট পুরোনো মসজিদসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে ইতোমধ্যে কিছু সাফল্যও এসেছে।

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

ছোট ফেনী ও বড় ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন সেতু ঝুঁকিতে পড়ার বিষয়ে প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top