রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:৪৩ পিএম
প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসে, তাহলে দেশ গঠনের কাজ আরও সহজ ও গতিশীল হবে।
তিনি আরও বলেন, কর্মসূচিটি সড়কের মধ্যে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। এ কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, আজ দীর্ঘ বক্তব্য দেওয়া হবে না। ভবিষ্যতে পৃথক সভা-সমাবেশের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার উপায় ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
