যুক্তরাষ্ট্রের কাগজ কারখানায় রাসায়নিক বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:২১ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। বৃহস্পতিবার এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে অবস্থিত ওই কারখানায় মঙ্গলবার বিপুল পরিমাণ ক্ষারীয় ও বিষাক্ত রাসায়নিক ভর্তি একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই সেখানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

লংভিউ ফায়ার বিভাগের প্রধান ব্র্যাড হ্যানিগ জানান, মোট নয়জনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আরও দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল, ফলে মোট নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে।

তিনি আরও বলেন, নিখোঁজ তিনজনের সবাইকে এখনও পাওয়া যায়নি এবং তাদের জীবিত থাকার সম্ভাবনা কম বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ পরিবেশেও অব্যাহত রয়েছে।

জাপানের নিপ্পন পেপার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ভোরের শিফট পরিবর্তনের সময় প্রায় ৯ লাখ গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংক হঠাৎ ফেটে যায়। এতে থাকা ‘হোয়াইট লিকার’ নামের তীব্র ক্ষারীয় রাসায়নিক ছড়িয়ে পড়ে।

হোয়াইট লিকার মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইডের মিশ্রণ, যা কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় বাতাস ও পানির মান পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিকর দূষণ পাওয়া যায়নি।

লংভিউ সিটির জনকল্যাণ বিভাগের পরিচালক ক্রিস কলিন্স বলেন, শহরের পানি সম্পূর্ণ নিরাপদ। একই তথ্য জানিয়ে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মকর্তারা জানান, হাইড্রোজেন সালফাইডসহ কোনো বিপজ্জনক বায়ুদূষণ শনাক্ত হয়নি।

সূত্র: বাসস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top