আদ্–দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু,দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:২০ পিএম
রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে নিরাপত্তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদারের নির্দেশনা চাওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্–দ্বীন হাসপাতালের পরিচালককে এ নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এর আগে শুক্রবার (২৯ মে) নোটিশটি দেওয়া হয়।
নোটিশে বলা হয়, হাসপাতালে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকজন নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা যায়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
এতে আরও অভিযোগ করা হয়, সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতাও ছিল অপর্যাপ্ত। এছাড়া গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরে বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, এই ঘটনা দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা ব্যবস্থা ও রোগী ব্যবস্থাপনার গুরুতর দুর্বলতাকে সামনে এনেছে।
দাবির মধ্যে রয়েছে— দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, এবং সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নবজাতক ও মাতৃসেবায় জরুরি চিকিৎসা প্রটোকল ও পর্যবেক্ষণ ব্যবস্থা বাধ্যতামূলক করা। পাশাপাশি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গঠনের আহ্বান জানানো হয়েছে।
নোটিশপ্রাপ্তদের ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে জানাতে বলা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
