জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:০৭ পিএম
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা ও সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
এরপর তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাও দেখা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে ঢাকার আরও কয়েকটি স্থানে ধারাবাহিক কর্মসূচিতেও উপস্থিত থাকবেন নেতারা।
এনএফ৭১/ওতু
বিষয়:
