বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১১:৩৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের মুখে নিজের মন্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি সরকারের নয়, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ছিল।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী।
সমালোচনার মুখে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ববি হাজ্জাজ বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না। বরং তিনি বিশ্ববিদ্যালয়টিকে আরও শক্তিশালী গবেষণাভিত্তিক এবং বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার।”
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী দেশের উচ্চশিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তিনি বলেন, গত ১৭ বছরে গবেষণার প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতির মতো বিষয়গুলো নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তিনি প্লেজারিজমসহ বিভিন্ন অনৈতিক একাডেমিক চর্চারও সমালোচনা করেন।
ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট পডকাস্টটি ছিল একটি অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা। এটি কোনো গবেষণাভিত্তিক বা নীতিনির্ধারণী বক্তব্য ছিল না। আনুষ্ঠানিক পরিসরে তিনি আরও কাঠামোবদ্ধ ও সতর্ক ভাষা ব্যবহার করতেন বলেও মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং জাতি গঠনে এর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি চান প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।
সবশেষে তিনি বলেন, “আমার বক্তব্যের কারণে যারা কষ্ট পেয়েছেন এবং যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সে জন্য আমি মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।”
এনএফ৭১/ওতু
বিষয়:
