প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৪২ এএম

সংগৃহীত

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে যাচাই করতে প্রধানমন্ত্রীর আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের মতো সমস্যাগুলোও একই পদ্ধতিতে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।পোস্টে তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে বর্জ্য ব্যবস্থাপনার নানা অনিয়ম ও অব্যবস্থাপনা সামনে আসে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের প্রশংসা করে সারজিস আলম লেখেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।”
তিনি মনে করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত হতে শীর্ষ নেতৃত্বের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে।
তবে বর্জ্য ব্যবস্থাপনার বাইরেও দেশের মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে এমন নানা সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোতেও প্রধানমন্ত্রীর ছদ্মবেশে মাঠপর্যায়ে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন।
তার মতে, এসব গভীর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে দেশের সাধারণ মানুষ প্রকৃত সুফল ভোগ করবে এবং প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়বে।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top