শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:০৯ এএম

সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক হত্যাকাণ্ডের শিকার হন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা এবং দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলা ও মহানগরেও একইভাবে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৩১ মে বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক এবং অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রতিবছর ৩০ মে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top