আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু,ভেন্টিলেশন ত্রুটির প্রমাণ পেল তদন্ত কমিটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৫৪ পিএম

সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভেন্টিলেশন সংক্রান্ত ত্রুটির প্রমাণ পেয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যা ছিল বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামী শনিবার (৩০ মে) জমা দেওয়া হবে।

জানা গেছে, ঘটনার সময় ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ওয়ার্ডে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হওয়ায় এক মা নার্সকে এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। তবে গরম অনুভূত হওয়ায় আবার এসি চালু করা হয়।

এর কিছু সময় পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ধীরে ধীরে আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে সকালে ছয় নবজাতকের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় ওয়ার্ডের পরিবেশগত পরিবর্তনের কারণে নবজাতকদের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহত শিশুদের স্বজনরা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার কারণ অনুসন্ধান এবং হাসপাতালের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top