ভারতে ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৪১ পিএম

সংগৃহীত

ভারতে দীর্ঘ প্রায় ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

তাদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্তপথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ কারাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার সুযোগ পান তারা।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায়।

ফেরত আসা কয়েকজন অভিযোগ করেন, দেশে ফেরানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। তারা আরও জানান, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে পড়ে তারা প্রতারণার শিকার হয়েছেন। যেহেতু সবাই প্রাপ্তবয়স্ক, তাই প্রয়োজনীয় সহায়তা শেষে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য জানান, দেশে ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top