ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০১:৪০ পিএম

সংগৃহীত

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান তিনি।

সম্প্রতি বাগদাদে চলমান সংঘাতের মধ্যে মিসাইল হামলায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানো হয়। গত ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহটি তুরস্কে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন-কাফনের জন্য নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top